রবিবার
০৮ নভেম্বর ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মাদরাসার অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক প্রকাশ ঘটেছিল। তাঁর ভাষ্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের প্রতি জনগণ ও সিপাহিদের সমর্থনের মধ্য দিয়ে ওই সংহতির বহিঃপ্রকাশ ঘটে। এ ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনা পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেও তিনি সেই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আগামী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় মাদরাসার শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন মোহাম্মদ হানিফ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইব্রাহিম ও আলহাজ মাহবুবুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।