সোমবার
০৯ নভেম্বর ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই তাঁর দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা।
২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। রয়টার্সের ভাষ্য, দুই বছরের বেশি সময় পর তাঁর দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।