সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সোমবার

০৯ নভেম্বর ২০২৬

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পোস্টার সরানোর মুচলেকা দিল পাঁচ প্রতিষ্ঠান, জরিমানা ৫০ হাজার

স্টাফ রিপোর্টার: অনুমোদন ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া পোস্টার লাগানোর অভিযোগে এ অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

চসিক জানায়, নগরীর সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর প্রবণতা বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।