সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সোমবার

০৯ নভেম্বর ২০২৬

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

গাড়ি চুরির চক্র ধরা, ৭০ লাখ টাকার ট্রাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে চুরি করা ৭০ লাখ টাকা মূল্যের একটি ড্রাম ট্রাকসহ গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গত ৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালানো হয়। ডিবি (উত্তর) বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১-এর একটি দল এ অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, চোরাই গাড়ি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে প্রথমে শওকত আলী (৪২) ও আবু তৈয়ব আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে একটি পুরোনো নম্বরবিহীন আইশার ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকটির মডেল আইশার টেরা ২৫। এ সময় গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন ওরফে আবু মেস্ত্রীকেও (৫৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে খণ্ড খণ্ড করে বিক্রি করে আসছিলেন। পুলিশের ভাষ্য, শওকত আলী চোরাই গাড়ি কেনাবেচার পাশাপাশি গাড়িচোরদের প্ররোচনা দিতেন।

পুলিশ আরও জানায়, শওকতের প্ররোচনায় আবু তৈয়ব গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ট্রাকটি চুরি করেন। বিষয়টি জানালে শওকত ট্রাকটি আনতে ঢাকায় একটি গাড়িবহনকারী যান পাঠান।

চুরি করা ট্রাক চট্টগ্রামে এনে বিক্রির উদ্দেশ্যে শওকতের কাছে হস্তান্তর করা হয়। পরে শওকত আবু মেস্ত্রীর মাধ্যমে ট্রাকটি খুলে বিক্রির পরিকল্পনা করেন এবং সে উদ্দেশ্যে সাগরিকা সেনবাড়ি রোডে দরবার আয়রন মার্টের পাশে আবু মেস্ত্রীর গ্যারেজে রাখেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শওকত আলী (৪২), মোহাম্মদপুর রেলগেটের নাহার মঞ্জিল এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে রাউজান থানার নোয়াপাড়া চৌধুরীহাট বাজারের উত্তর পাশে ইয়াকুব আলীর বাড়িতে থাকতেন। আবু তৈয়ব আলী (২৯), রাঙামাটি সদর থানার তবলছড়ি পোড়া বাহার চৌধুরীর বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। আব্বাস উদ্দিন ওরফে আবু মেস্ত্রী (৫৮), চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার আবুল মেম্বার বাড়ির মৃত সৈয়দুর রহমানের ছেলে। তিনি সাগরিকা সেনবাড়ি রোডের গ্যারেজের মিস্ত্রি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।