সোমবার
০৯ নভেম্বর ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা থাকবে এবং এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
এর আগে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস নিম্ন আয়ের উৎপাদনশীল জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, শিমুল বিশ্বাস আইনজীবী হিসেবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও সেদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকবেন না। এ কারণে তিনি আগেই প্রশ্নটি করেছেন।
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ চিকিৎসাব্যবস্থার অবনতি ঘটেছে।
তারেক রহমান আরও বলেন, বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল।
জ্বালানি ও শিল্প খাত নিয়েও বিগত সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশীয় খনিজ সম্পদের ব্যবহার ও শিল্পের বিকাশে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছিল।
বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার অংশ। এ লক্ষ্যেই প্রাথমিকভাবে ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।