মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, দলটির আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তাঁর দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।