বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বুধবার

১১ নভেম্বর ২০২৬

২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

টেকনাফের চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি ধরা পড়ল চট্টগ্রামে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের চাঞ্চল্যকর দ্বৈত হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

গত ৯ নভেম্বর বিকেলে চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত ৪ নভেম্বর কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়।

পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামি চাঁদগাঁও থানা এলাকায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে ৯ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়। এর পরপরই পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকা থেকে ৪ নম্বর আসামি আব্দুল মোনাফকে (২৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (২৭),আব্দুল মোনাফ (২৭)।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।