বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর সুবাহান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিহতের বাড়ির সামনে গলির মুখে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের লোকজন আব্দুর সুবাহানের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে দায়ের করা ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।