বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে সংস্থাটিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।
সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। এর ফলে প্রতিবছর সড়কে প্রায় একশ প্রাণহানি ঘটে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় জিআরএসপি ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলনও ছিল।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা দলগতভাবে ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন এবং এর সাধারণ রক্ষণাবেক্ষণ ও সমস্যা সম্পর্কে ধারণা নেন। সড়কে হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন তাঁরা।
শেষ দিনে জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনায় গতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা গতিসীমা নিয়ন্ত্রণের প্রযুক্তি ও সড়কে চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ নেন। বিকেলে পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসানো হয়। জিআরএসপির প্রশিক্ষকেরা মাঠ পর্যায়ে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বক্তব্যে তিনি সড়কে আইন প্রয়োগে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান। কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির কাছ থেকে পাওয়া সাতটি ক্যামেরা গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
এতে আরও নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ সম্ভব হবে, যা চট্টগ্রামের সব সড়ক ব্যবহারকারীর নিরাপত্তায় অবদান রাখবে।
স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, ৮টি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, ৮টি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) ও ৮টি বহনযোগ্য ক্যানভাস তাঁবু দিয়েছে জিআরএসপি।
প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্পটি নগরীর তিনটি সড়কে পরিচালিত হবে। সড়কগুলো হলো বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম ও কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।