রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চোর সন্দেহে যুবককে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি মো. নাছিরকে (২২) আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাঁকে আটক করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে আটক করে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল।

আটক নাছির পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলামকে ধরে নিয়ে যান কয়েকজন। পরে তাঁকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরে একটি কক্ষে নিয়ে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়।

একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে মোবারক অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মোবারককে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক পতেঙ্গা থানার দক্ষিণ বেড়িবাঁধ এলাকার মোহাম্মদ আব্দুল মাবুদের ছেলে। তিনি কেইপিজেডে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনকে এজাহারনামীয় আসামি করে পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১০। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবি-৭ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

আটক নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।