রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট নগর হিসেবে গড়তে কাজ চলছে: শাহাদাত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। নগর উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নছরুল কদির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি, ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহেদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে আরও সমৃদ্ধ, মানবিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। চট্টগ্রামকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা। জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম চলছে। নগরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের যেকোনো সমস্যায় তিনি অতীতেও মানুষের পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারক ম্যাগাজিন উন্মোচন করা হয়। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের গত দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।