রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘দ্য মুসলিম ৫০০’-তে স্থান পেলেন তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। এ তালিকায় বাংলাদেশ থেকে আরও দুই নারীও স্থান পেয়েছেন।

সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তারেক রহমান।

প্রকাশনায় তাকে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এতে তার রাজনৈতিক জীবন, দীর্ঘ ১৭ বছরের লন্ডন প্রবাস এবং দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেওয়ার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।

তারেক রহমান ছাড়াও তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তারা দুজনই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। অন্যদিকে, রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত রাজিয়া সুলতানা।

এর আগে, ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে নতুন সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।