বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শ্রমিক বিক্ষোভে অশান্ত সাভার-গাজীপুর, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে সংঘাত এড়াতে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভারের হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় সকালে স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, হেমায়েতপুর এলাকায় মূলত স্টারলিং গ্রুপের কারখানার শ্রমিকরাই আন্দোলন করছেন।

অন্যদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ চলছে। সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এতে হাজারো শ্রমিক সড়কে নেমে আসেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে দিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের দুই পাশে হাজার হাজার শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বর্তমানে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন।