বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংসদ থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা ওসমান ফারুক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এম ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় এম ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এম ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৮৬ বছর। দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন।