বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংসদের কার্যক্রমে সক্রিয় থাকতে দলীয় এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদের দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

অফিস আদেশে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা পাঁচ মিনিট কমিয়ে বিকেল ৪টা ১৫ মিনিট করা হয়।

চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর জারি করা তিনটি অধ্যাদেশও এ অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।