শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৯ নভেম্বর ২০২৬

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৪১ ওয়ার্ডে ৪১ খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর হালিশহর মুনিরনগরে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত ‘নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। শুধু নির্দেশনা দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

নগর পরিচ্ছন্নতার বিষয়ে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রোদ-বৃষ্টিতে পরিশ্রম করে নগরী পরিষ্কার রাখছেন। অথচ অনেক নাগরিক যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। এ মানসিকতা পরিবর্তন করতে হবে। ড্রেন ও খোলা স্থানে পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে, যা ডেঙ্গুর ঝুঁকি তৈরি করে। তাই পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সিটি কর্পোরেশনের ২৮ বছরের পুরোনো ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্মাণকাজে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে ভবনটি ৫০ থেকে ৬০ বছর কিংবা তারও বেশি সময় টেকসই হয়। উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ডা. শাহাদাত বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছিল। ইতোমধ্যে ১১টি খেলার মাঠ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অন্তত এক ঘণ্টা শারীরিক চর্চা ও খেলাধুলার সুযোগ রাখা প্রয়োজন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের স্কুল হেলথ কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ, কান-নাক-গলা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট ৪০ থেকে ৫০টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

সবুজ নগর গড়ার পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। বাকি আট লাখ গাছ পর্যায়ক্রমে লাগানো হবে। নগরীর বিভিন্ন সড়কের মিড আইল্যান্ড, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ লাগায় এবং স্নাতক শেষ করা পর্যন্ত সেটির পরিচর্যা করে। গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে রাখলে শিক্ষাজীবন শেষে প্রতিষ্ঠান ছেড়ে গেলেও একদিন ফিরে এসে নিজের লাগানো গাছটি দেখার সুযোগ তৈরি হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালু করা প্রয়োজন। সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্লাব ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রশাসক জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানকে শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, মা-বাবাকে সম্মান, শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ এবং ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ মাজহারুল ইসলাম, কলেজের দাতা সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, বিদ্যোৎসাহী সদস্য জান-ই-আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ এবং ছাত্রনেতা ওয়াহিদ ইমাম খান সারাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) শিপুল কুমার দে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।