বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে তারা। জনগণের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু জনগণ তাদের আর গুম-খুনের রাজনীতি করার সুযোগ দেবে না।
খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে—এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে, আর নয়)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চব্বিশের মতো সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। বলতে হবে, এনাফ ইজ এনাফ।
সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা ষড়যন্ত্র করছে, সেই সন্ত্রাসী মহল জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়া হবে। এর ফলে এ অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।