বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, প্রথম থেকেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন ধৈর্যের সীমা অতিক্রম করছে। তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অগণতান্ত্রিক কিংবা অমানবিক কোনো পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়া পরাজিত শক্তি বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িত।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাভোগী গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। কিন্তু তা আর সম্ভব হবে না। সেখানে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ফ্যাক্ট-চেকের মাধ্যমে অডিওটি সত্য বলে প্রমাণিত হয়েছে। সেখানে প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার কথা উঠে এসেছে বলে দাবি করেন তিনি। এই ‘পঞ্চম বাহিনীর’ বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনো দেশ ছাড়েননি বলেও উল্লেখ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসের দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালনের বিষয়েও বিস্তারিত জানান তিনি। রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।
এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে উদযাপন করবে দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপিসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।