রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার

২২ নভেম্বর ২০২৬

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চাকরিপ্রার্থী নয়, তরুণদের চাকরিদাতা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি এসএমই খাতকে জাতীয় উৎপাদনব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। চাকরিপ্রার্থী হওয়ার পরিবর্তে চাকরিদাতা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

এসএমই খাতের প্রসারে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা বাড়াতে হবে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন তিনি। এসব পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সহজ লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

এসএমই খাতের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে মূলধন, প্রযুক্তি ও দক্ষ জনবলের ঘাটতি এবং ঋণপ্রাপ্তির জটিলতার কথা উল্লেখ করেন তারেক রহমান। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।