সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের অভিনব কৌশল ধরা পড়েছে। এ ঘটনায় ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী থানার জালাল এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে অধিক দামে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।