সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সোমবার

২৩ নভেম্বর ২০২৬

৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, বন্ধ ৪৬ কারখানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শিল্পাঞ্চলের ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

আহত শ্রমিকরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক বিক্ষোভের মুখে সোমবার ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া তিনটি কারখানার শ্রমিকরা ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রেখেছেন। অন্যদিকে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে ৪৬টি কারখানায় উৎপাদন বন্ধ আছে।

তিনি জানান, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর উৎপাদন বন্ধ করে নিজ নিজ ফ্লোরে অবস্থান নেন। পরে সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন।

তবে শ্রমিকদের একটি অংশ কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন।

পুলিশ সুপার আরও জানান, শ্রমিকদের একাংশ পাশের আল মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সতর্ক করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এ সময় হুড়োহুড়ি করে দৌড়াতে গিয়ে পড়ে একজন নারী শ্রমিক মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পান বলে জানান পুলিশ সুপার।