সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (২৩ নভেম্বর) নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা হয়ে লালদীঘির পাড় পর্যন্ত পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় চার দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ধরনের দোকানপাট উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে কোতোয়ালি থানার ভ্রাম্যমাণ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ছাড়া জামালখান সিঁড়ির মাথা এলাকা থেকে প্রায় দুই মণ বিভিন্ন ধরনের সবজি জব্দ করা হয়। পরে সেগুলো কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ভ্যানগাড়ি, টং দোকান ও ফুট স্টলসহ সাতটি মালামাল জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।