মঙ্গলবার
২৪ নভেম্বর ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


বিশেষ প্রতিনিধি:: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও সরকারের কাছে একই ধরনের আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়া হয়েছে।
মোজাম্মেল আলী আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানালেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার সকালে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, আবেদন করা ছাড়া তাঁকে দেশে ফেরার অন্য কোনো সুযোগ দেওয়া হবে না। সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে নয়, বরং হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এর আগে ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এর অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস আবারও চিঠি দেন।
উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির শীর্ষ নেতাদের একটি বড় অংশ ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। অন্যদিকে, অনেকে কারাগারে রয়েছেন।