মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ নভেম্বর ২০২৬

৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এয়ারক্রাফট চাওয়ার দাবি গ্রহণযোগ্য নয়: চিফ প্রসিকিউটর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার যে দাবি করা হয়েছে, তা হাস্যকর। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিশ্বে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কার্যক্রম চালাচ্ছেন না। অন্য কোনো দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাতে হবে।

এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। দলটির নেতাকর্মীরা যে খুনি, তা তারা প্রকারান্তরে বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র এ তথ্য জানান। দেশে ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থাও সরকারের কাছে চেয়েছেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।