বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৬ নভেম্বর ২০২৬

১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি এবং কিছু কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে অসন্তোষ প্রকাশ করে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তাঁরা।

খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকেরা অবস্থান ধরে রাখার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচলও শুরু হয়।

এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কয়েকটি কারখানায় টানা তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করেন।

শিল্পাঞ্চলে নতুন করে বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের আশঙ্কায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।