বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৬ নভেম্বর ২০২৬

১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে মহাপরিকল্পনা: পার্বত্যমন্ত্রী

রাঙ্গামাটি প্রতিনিধি:: ​পাহাড়ের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দৃশ্যমান ও জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি কাপ্তাই লেক সংরক্ষণ, সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা এবং যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।

​বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ও গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এমপি এসব কথা বলেন।

​মন্ত্রী সাচিং প্রু এমপি তাঁর বক্তব্যে বলেন, অতীতে মাটি কাটা বা জঙ্গল পরিষ্কারের মতো প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই কোনো দৃশ্যমান উন্নয়ন দেখা যায়নি। বর্তমান সরকার এই অবস্থার পরিবর্তন চায়। উন্নয়নের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে কাজে লাগে এবং সব কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, সেটিই তাঁর অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রয়েছে। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

​কাপ্তাই লেকের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, কাপ্তাই লেক আমাদের অঞ্চলের জন্য আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর। লেকের নাব্যতা ফিরিয়ে আনা এবং ভাসমান বসতবাড়ির বর্জ্য ও সুয়ারেজ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া জরুরি। লেকের পবিত্র পানি দূষণমুক্ত রেখে ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলেই এই নান্দনিক সম্পদটি প্রকৃত অর্থে পাহাড়ের আশীর্বাদ হয়ে উঠবে।

​পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে একটি সমন্বিত মহাপরিকল্পনা বা মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাঙ্গামাটি, বান্দরবান (থানচি ও লামা) এবং কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে সংযুক্ত করে একটি সমন্বিত পর্যটন রুট তৈরি করা গেলে দেশি-বিদেশি পর্যটকরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট হোটেল ও পরিবহন খাতে পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সাথে শালীন ও আন্তরিক আচরণ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে সাচিং প্রু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের মাধ্যমে পাহাড় ও সমতলের সকল জাতিসত্তাকে একসূত্রে গেঁথেছিলেন এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এই বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বিগত সময়ে বোর্ডটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এটিকে আবারও জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা হবে।

​পাহাড়ের অর্থনৈতিক রূপান্তরে প্রথাগত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদী ও উচ্চমূল্যের ফসল চাষের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে এমন সব ফসলের আবাদ বাড়াতে হবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফলন দেয়।

এক্ষেত্রে ৮০ থেকে ৯০ বছর স্থায়ী কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদাম চাষ অত্যন্ত লাভজনক। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় এটি পাহাড়ের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।

​শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী জানান, সরকারি চাকরির সীমিত সুযোগের বিপরীতে যুবকদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তোলা হবে। তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।
​
এছাড়া সীমান্ত এলাকা ও দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মাদক নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে। একইসাথে মাদক ও অবৈধ পপি চাষ শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয় হেডম্যান, কারবারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।

​বক্তব্যের শেষে মন্ত্রী সাচিং প্রু জানান, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়কর সংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে তদারকি করতে প্রতি দুই থেকে তিন মাস অন্তর তিনি রাঙ্গামাটি সফর করবেন বলেও আশ্বাস দেন।

​রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।