শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত হয়ে মোহাম্মদ আলীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী মুহাম্মদ এমরান হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল আবেদীনের বিরুদ্ধে পক্ষপাতমূলক তদন্ত, আসামিদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেছেন তিনি।
গত ১৯ নভেম্বর ২০২৬ ইংরেজীতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন বাদি চরলক্ষ্যা গ্রামের এমরান হোসেন। আবেদনে তিনি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানান।
হামলার অভিযোগ, হাসপাতালে মৃত্যু
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৯ মে সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ডের মাগুন আলী তালুকদার বাড়ি এলাকায় মোহাম্মদ আলীর নতুন বাড়ির গেটের সামনে রাস্তার ওপর হামলার ঘটনা ঘটে।
এজাহারে বলা হয়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম, মো. আকবর ও মো. আলমগীরসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়।
এ সময় তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলে মো. ইকবাল ও স্ত্রী নুর আয়েশাও হামলার শিকার হন বলে অভিযোগ করেন বাদী।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ইকবালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং নুর আয়েশার হাত ভেঙে যায়। হামলাকারীরা তাঁদের বসতভিটা ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় বলে জানান।
পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ আলীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে জিইসি মোড়ের মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে ১টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মামলায় ৩০২ ধারা সংযোজন
এ ঘটনায় এমরান হোসেনের এজাহারের ভিত্তিতে কর্ণফুলী থানায় ২০ মে ২০২৬ তারিখে মামলা নথিভুক্ত হয়। মামলার নম্বর ৩৬(০৫)/২০২৬। প্রাথমিকভাবে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। মোহাম্মদ আলীর মৃত্যুর পর তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন ২৪ মে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গুরুতর জখমের কারণে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাঁর স্বজনেরা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান। পরে তদন্ত কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠান।
এজাহারে না থাকা দুই ব্যক্তিকে আসামি করার আবেদন
আদালতে বাদীর আবেদনে বলা হয়, ঘটনার সময় উপস্থিত থাকা বেলাল ও মোহাম্মদ আজমের নাম প্রথম এজাহারে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে তাদের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা তদন্ত কর্মকর্তাকে জানানো হয়।
এ বিষয়ে এমরান হোসেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের আদেশ নম্বর ০৩, তারিখ ২ জুন ২০২৬। আদেশে বেলাল ও আজমকে মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন নথিতে রাখার নির্দেশ দেওয়া হয়।
একই ঘটনায় পাল্টাপাল্টি মামলা
একই ঘটনার সূত্র ধরে আদালতে আরও দুটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। গত ২৩ মে ২০২৬ তারিখে মো. আলী আকবর বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে সিআর মামলা করেন। মামলার নম্বর ২৮৭/২০২৬ (কর্ণফুলী)।
এতে মো. ইকবাল, মো. ইসমাইল, এমরান হোসেন ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে ১ জুন কর্ণফুলী থানায় মামলাটি ৩ নম্বর মামলা হিসেবে রেকর্ড হয়।
এ মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৮০, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ঘটনার তারিখও ১৯ মে ২০২৬ উল্লেখ করা হয়েছে।
এরপর ২৪ মে জাহাঙ্গীর আলম বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি সিআর মামলা করেন। মামলার নম্বর ২৯২/২০২৬ (কর্ণফুলী)। এতে মো. ইকবাল, মো. ইসমাইল, এমরান হোসেন ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়। এ মামলাতেও ঘটনার তারিখ, সময় ও স্থান একই উল্লেখ করে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
জাহাঙ্গীর আলমের মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দেওয়া হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুস জানান।
একই ঘটনার সূত্র ধরে দুটি মামলা হওয়া প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি তদন্ত আবু হাসনাত মুহাম্মদ মাজেদুল হক বলেন, একই ঘটনায় দুটি মামলা হয় না। তদন্ত শেষে একটি মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। অন্যটির বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হুমকির অভিযোগে দুই জিডি
মামলার বাদী এমরান হোসেন ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১১০৩। এতে মো. আলী আকবর ও মো. বেলালের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
জিডিতে এমরান উল্লেখ করেন, তাঁর দায়ের করা মামলা ৩৬(০৫)/২০২৬-এ গ্রেপ্তার হওয়ার পর ২৮ জুলাই ২০২৬ তারিখে অভিযুক্তরা হাইকোর্ট থেকে আগাম জামিন পান। এরপর তাঁকে ও তাঁর ভাই মো. ইকবাল হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। জিডিটির তদন্তের দায়িত্ব পান এসআই জয়নাল আবেদীন।
এ ছাড়া একই ঘটনার জেরে নাঈম উদ্দিন রুপা (২১) ৩ নভেম্বর ২০২৬ তারিখে আলী আকবরের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আরেকটি জিডি করেন। জিডি নম্বর ১৬৪। এতে পূর্বশত্রুতার জেরে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। জিডিটির তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই মো. শাহাজাহান। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদনে যেসব অভিযোগ
পুলিশ কমিশনারের কাছে দেওয়া আবেদনে এমরান হোসেন অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাঁর ও জীবিত ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেননি এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেননি। বরং আসামিদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন বলে দাবি করেন তিনি।আবেদনে আরও বলা হয়, তদন্ত কর্মকর্তা বাদীকে আসামিদের সঙ্গে আপস করার প্রস্তাব দেন। বাদী সাক্ষীদের নিয়ে থানায় গেলে একজনের বক্তব্য গ্রহণ করে অন্যদের ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং আসামিদের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে একসঙ্গে খাওয়া-দাওয়ার অভিযোগও করা হয়েছে।
এমরানের দাবি, তদন্ত কর্মকর্তা আসামিদের সুযোগ দিতে মামলার তদন্তে ফাঁকফোকর রেখে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছেন। তাঁর অজান্তে মামলার সব আসামির বিরুদ্ধে ৩০২ ধারা প্রয়োগ না করার আশঙ্কা থেকেই তিনি তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেছেন।
এসব বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এমরান হোসেন প্রতিবেদককে মুঠোফোনে বলেন, “আমার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন আমাদের সঙ্গে যোগাযোগ না করে উল্টো আসামিদের বাসায় বসে আলোচনা করছেন। এমনকি আসামিদের সঙ্গে আপস করার কথাও বলছেন। আমরা বাবাকে হারিয়েও বিচার পাচ্ছি না এসআই জয়নালের কারণে। তাই ন্যায়সংগত তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে নতুন আইও নিয়োগের আবেদন করেছি কমিশনারের কাছে।”
একই ঘটনা উল্লেখ করে আদালতে দায়ের করা দুটি নালিশি মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার এসআই তীথংকর দাশ বলেন, “একই ঘটনায় দুটি সিআর মামলার বিষয়টি আমার নজরে আসার পর আদালতকে অবহিত করা হয়েছে। প্রথম মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর পরবর্তী মামলাটির ক্ষেত্রে আইন অনুযায়ী ফাইনাল রিপোর্ট দেওয়া হবে।” তিনি আরও বলেন, “বাদী এমরানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা খতিয়ে দেখেছি। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, এটি সত্য। তবে পরে তিনি ঘটনাস্থলে এসেছেন।”
তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন বলেন, “মোহাম্মদ আলী হত্যা মামলায় আমি তদন্ত কর্মকর্তা ছিলাম। তবে বাদীপক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ করায় বর্তমানে আমি তদন্তের দায়িত্বে নেই। এ ছাড়া এ ঘটনায় দায়ের করা অন্য একটি জিডির তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা দিয়েছি।”
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “ভিকটিমের ছেলে কয়েকবার আমার সঙ্গে দেখা করেছেন। তাঁদের আপত্তি ও অভিযোগ মনযোগ সহকারে শুনেছি। এরপর মামলার তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলাম। যেহেতু এটি একটি হত্যা মামলা। পরে শোনলাম বাদী তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য কমিশনার স্যারের কাছে আবেদন করেছেন, তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা পুনরায় বিবেচনা করবেন। বাদীর সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জেনেছি।”
এ প্রসঙ্গে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাফিস ইনসান বলেন, “আলী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আজ বা আগামীকালের মধ্যে সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
এ বিষয়ে বক্তব্য জানতে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের মুঠোফোনে বাদীর আবেদনটি পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।