শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতির দুষ্টচক্রের কবলে পড়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। ওই সময়ে অর্থনীতিকে দুর্নীতির চক্রে ঠেলে দেওয়া হয়। ২০২৪ সালের অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার, অর্থাৎ ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি আরও জানান, ২০২৬ সালের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অর্থপাচার ও ব্যাংকিং জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি পাচার হওয়া অর্থ আইনসম্মতভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, অর্থনীতি সুরক্ষিত রাখা শুধু নিরীক্ষকদের দায়িত্ব নয়; হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকৌশলী, প্রশাসক ও নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।
সম্মেলনে ‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এবার এ সম্মাননা পেয়েছেন আখতার সানজিদা কাশেম।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এতে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।