শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত তিনি।
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ মঞ্চ।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে দেশে ফেরার পরই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে হওয়ায় সেই সিরিজকেই বিদায়ের জন্য বেছে নিয়েছেন তিনি।
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক পথচলার ইতি টানবেন সেই ইংল্যান্ডের বিপক্ষেই, তবে এবার দেশের মাটিতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
৩৯ বছর বয়সী মুশফিক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ম্যাচ ও রান সংগ্রাহক। এখন পর্যন্ত ১০৮টি টেস্টে ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিকও মুশফিক। পাশাপাশি রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের ইতিহাসে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন এই ক্রিকেটার।
অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মুশফিকের। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে সাতটি টেস্টে জয় এবং নয়টিতে ড্র করেছে বাংলাদেশ।
২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঐতিহাসিক জয় আসে তার নেতৃত্বে। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও অধিনায়ক ছিলেন তিনি।
লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মুশফিক পরবর্তী সময়ে আরও আটজন অধিনায়কের অধীনে খেলেছেন। সবকিছু ঠিক থাকলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে তার বর্ণাঢ্য টেস্ট অধ্যায়।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশের ক্রিকেটে অবদান রাখা মুশফিকের বিদায় তাই বাংলাদেশের ক্রিকেটে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।