রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রবিবার

২৯ নভেম্বর ২০২৬

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

লকডাউন ঘিরে পদ্মা সেতুর কাছে সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল, বিএনপির নেতা-কর্মীদের তাঁবু ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী জমাদ্দার মোড়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে চলা সংঘর্ষে ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে জানা গেছে।

এ সময় বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবু ও অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁটির আসবাবপত্রসহ ভেতরের সব সামগ্রী পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদও উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।

সংঘর্ষ ও অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক ছেড়ে চলে যান।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। এ সময় কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেন। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জাজিরা থানা-পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।