রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রবিবার

২৯ নভেম্বর ২০২৬

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান করতে চায় সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।

অর্থমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম বড় লক্ষ্য। দেশে কর্মসংস্থানের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। এ লক্ষ্য পূরণে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের পুঁজিবাজারের অতীত পরিস্থিতির সমালোচনা করে আমির খসরু বলেন, একসময় পুঁজিবাজার পুরোপুরি ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে শৃঙ্খলা ফেরাতে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠনের মাধ্যমে সংস্কার কার্যক্রম শুরু করেছে।

পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, এটি নতুন কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০, পরবর্তী ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফার ধারাবাহিকতায় এ কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এ পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে পুনরুদ্ধারের পর্যায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সরকার অর্থনীতির বিভিন্ন সংকট মোকাবিলায় কাজ করছে। জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে।

তবে সরকারের বিভিন্ন পদক্ষেপে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ শতাংশে নেমেছে বলে দাবি করেন তিনি। মূল্যস্ফীতি আরও কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী।

ব্যাংকিং খাত নিয়ে আমানতকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে এবং নিট আমানতের পরিমাণও বাড়ছে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশে অনেক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। তাই নতুন কৌশলগত কাঠামোয় পরিকল্পনার সমন্বয় ও কার্যকর বাস্তবায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে সমন্বিত কর্মসূচি এবং গুচ্ছ প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নভাবে নয়, বরং পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মনজুর হোসেন।