রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শুক্রবার

২৩ আগস্ট ২০২৪

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক *

পোশাককর্মী মো. রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিল্পগোষ্ঠী এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার (২৩ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম), তার দুই ছেলে আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর থানার রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন পোশাককর্মী মো. রুবেল। পরবর্তী সময়ে তাকে গ্রিনরোড সেন্ট্রাল হসপিটালে নেয়া হয়।

এরপর সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।