শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৬ আগস্ট ২০২৪

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-বিক্ষোভ নিষিদ্ধ

ঢাকা প্রতিনিধি *

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অ্যার্ডিন্যান্স নম্বর-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

প্রসঙ্গত, জাতীয়করণের একদফা দাবিতে গতকাল দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। সেখানে উপদেষ্টাদের প্রায় সাড়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। বিষয়টি জানার পর রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন। এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়।

এর আগে ১৮ আগস্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন।