শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রবিবার

২০ অক্টোবর ২০২৪

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পাসের দাবিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করিয়ে দেয়ার এক দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে বোর্ডে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের যে ফলাফল দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি একটাই, মাধ্যমিকের ফলাফল অনুযায়ী এইচএসসির ফলাফল দেওয়া হোক।

জানা গেছে, বেলা ১১টায় বোর্ড চত্বরে অবস্থান নেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা বোর্ড চেয়ারম্যান ও সচিবের কক্ষের সামনে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফলাফল তৈরি করা হয়েছে। এখানে কারও বিষয়ে বৈষম্য করার সুযোগ নেই। শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে রবিবার সকাল থেকে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে  ঢাকা, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ বোর্ডে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।