শনিবার
২২ মার্চ ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলি প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে তিনমাস বয়সী এক শিশু নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর হাতি নিরসনের চার (৪) দিনের সময় বেঁধে দিয়ে প্রশাসনের লিখিত আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন। এতে পিএবি সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে গতরাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় হাতির আক্রমণে মোহাম্মদ ইব্রাহীমের ছেলে ৩মাস বয়সী শিশু আরমান জাওয়াদ নিহত হন। একই সাথে হাতির আক্রমণে শিশু জাওয়াদের মা খজিমা বেগম (৩০) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ খবর এলাকায় ছড়িয়ে পরলে, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয়রা শিশু জাওয়াদের লাশ নিয়ে সড়কে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে সকাল ১০টার দিকে সড়কেই নিহত শিশুর জানাজা আদায় করেন বিক্ষুব্ধ জনতা।
সড়ক অবরোধের ফলে পিএবি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মইজ্জ্যারটেক থেকে আনোয়ারা পর্যন্ত সড়ক অচল হয়ে পরে।
পরে সকাল ৮টার দিকে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনাস্থলে এসেও বিক্ষোভকারীদের সড়ক থেকে সরাতে পারেননি।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।
এরপর দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টায় প্রশাসনের এই তিন কর্মকর্তা বিক্ষুব্ধ জনতার দাবির মুখে তিন কর্মকর্তার সাক্ষরিত লিখিত কাগজে (চার) ৪দিনের সময় বেঁধে দিয়ে হাতি নিরসনের সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতার মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আকরাম বলেন, তাদের চার দিনের সময় বেঁধে দিয়েছি। এরপরও কোনো সিদ্ধান্ত না হলেও আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব হাতির বিরুদ্ধে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন,আন্দোলনকারীদের সাথে আমাদের কথা হয়েছে।
তারা (চার) ৪ দিনের সময় দিয়েছেন হাতি নিরসনের বিষয়টি সমাধানের জন্য। পরে প্রশাসনের আশ্বাসে দুপুরে রাস্তা থেকে সড়ে দাঁড়ান বিক্ষুব্ধ জনতা। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।