শুক্রবার
০৯ মে ২০২৫
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী ছাত্রজনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন ছাত্র-জনতা।
এতে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করছেন।
সরেজমিনে দেখা যায়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং গণহত্যার বিচারের আহ্বান দেখা যায়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।