শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩১ মে ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আনোয়ারায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঁশখালীর সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯)। তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, যাত্রী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। তিন চাকার যানটি আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আহত হন অটোরিকশার চালক ও আরও এক যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।’