রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৪ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম ক্লাবে মিলল সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে সেনাবাহিনীর সাবেক প্রধান ও আলোচিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এম হারুন-অর-রশীদ মারা গেছেন।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, এম হারুন-অর-রশীদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম ক্লাবে এসেছেন।

সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ, পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে রোববার (৩ আগস্ট) তিনি চট্টগ্রাম আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন স্টাফরা।

এরপর খবর দেওয়া হয় পুলিশকে। তিনি কীভাবে মারা গেলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এম হারুন অর রশীদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০০০-২০০২ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। পালন করেন রাষ্ট্রদূতের দায়িত্বও।

হারুন-অর-রশীদ চট্টগ্রামের হাটহাজারীর ধলই এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন প্রতিবেশী মো. আক্তার হোসেন। তিনি বলেন, ওনার মধ্যে কোনো অহঙ্কার ছিল না। সেনাপ্রধান থেকে তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন।

হারুন-অর-রশীদের নিকটাত্মীয় মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নজিবুন্নাহার বলেন, যতটুকু মনে হয়ে স্ট্রোকে ওনার মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে আমরা জেনেছি ওনার চোখ দান করতে ইচ্ছুক ছিলেন।