বুধবার
২০ আগস্ট ২০২৫
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ আগস্ট) দুদকের চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নওশাদ আলী।
মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, বাবরের স্ত্রী ১ কোটি ৮৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এছাড়া দুদকের দাখিলকৃত বিবরণীতে তিনি ১৫ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আবার হেলাল আকবর বাবর এসব সম্পদ অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন।
আসামি জেসমিন দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় বর্ণিত শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তার স্বামী হেলাল আকবর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করে দণ্ডবিধি ১০৯ ধারায় বর্ণিত শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাবর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হন।
ওই ঘটনার পর জোড়া খুন মামলায় গ্রেপ্তার হলে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।