রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচনের ঘন্টাধ্বনি: ডিসেম্বরেই তফসিল, ফেব্রুয়ারিতে ভোট

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ প্রকাশ করেন।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

রোডম্যাপে প্রাধান্য দেওয়া হয়েছে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে। এর মধ্যে রয়েছে— সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ বেশ কিছু মৌলিক কাজ।

বিশেষত দুর্গম ও পাহাড়ি এলাকায় নির্বাচন পরিচালনা সহজ করতে হেলিকপ্টার সহায়তা নিশ্চিত করার বিষয়টি রোডম্যাপে গুরুত্ব পেয়েছে। তফসিল ঘোষণার দুই মাস আগে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু ও শেষ পয়েন্টসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে।

এ ছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং হেলিকপ্টার সহায়তা বিষয়ক প্রস্তাবনা তৈরি করতে হবে।

ইসি আশা করছে, এ রোডম্যাপের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।