শুক্রবার
২৯ আগস্ট ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আসা নতুন ধরনের চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আগে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা ছিল বড় চ্যালেঞ্জ, এখন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।” এজন্য নির্বাচন কমিশন বিশেষ সেল গঠন করবে বলে জানান তিনি।
সিইসি নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “যোগাযোগ ভেঙে পড়া মানেই সবকিছু ভেঙে পড়া। সঠিক বার্তা পৌঁছানো অত্যন্ত জরুরি।
এ সময় তিনি প্রশিক্ষণকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ উল্লেখ করে বলেন, আইনকানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের বার্তাও দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে।