সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩০ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“ভিপি নুরের ওপর হামলা: নির্বাচনী নাটকের প্রথম দৃশ্য, দাবি ডা. শাহাদাতের”

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ভিপি নুরুল হক নুরের ওপর হামলাসহ আরও অনেক ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন আমীর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে অসহায় দুঃস্থদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, “ভিপি নুরের ওপর হামলা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। এ ধরনের হামলা নির্বাচনী ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্র যাতে দানা বাঁধতে না পারে সে জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। কোনো প্রকার উসকানি বা ভুল পদক্ষেপে পরিস্থিতি যেন জটিল না হয়।”

তিনি আরও বলেন, বিএনপিতে যারা আছেন তারা দীর্ঘদিন নির্যাতন-অত্যাচার সহ্য করেছেন। ত্যাগী কর্মীরা কখনো পালায়নি, পালাবে না। অতিথি পাখিরা যেমন দুঃসময়ে উড়ে যায়, কিন্তু প্রকৃত কর্মীরা দল ও কর্মীদের ছেড়ে যায় না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রসঙ্গে মেয়র বলেন, “দেশে ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। এ জোয়ার ধরে রেখে মানুষের পাশে থাকতে হবে। কোনো অন্যায়-অত্যাচার হলে নেতাদের জানাবেন, প্রয়োজনে সিটি করপোরেশনে গিয়ে আমাকেও জানাবেন। কোনো অন্যায়কারীকে দলে রাখা হবে না।”

অটোরিকশা প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, “অটোরিকশার অনুমতি দেওয়া সিটি করপোরেশনের এখতিয়ার নয়। এটা বিআরটিএ ও ট্রাফিক বিভাগের কাজ। তবে অলিগলিতে চালানোর শর্তে আগেও আমি সুপারিশ করেছিলাম। এখন দেখা যাচ্ছে, রাস্তায় দুর্ঘটনা বাড়ছে এবং শিশুদের দিয়েও চালানো হচ্ছে, যা অনভিপ্রেত। বিষয়টি পরিষ্কারভাবে ট্রাফিক ও বিআরটিএর দেখার বিষয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন পারভেজ।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল হক নাজু, রেজিয়া বেগম মুন্নী, নুরুল আলম কালু, ইয়াকুব খানসহ স্থানীয় নেতাকর্মীরা।