রবিবার
৩১ আগস্ট ২০২৫
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. রাজু ওরফে মিন্টু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণসহ চারটি মামলা রয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাউজান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া এলাকায় উজির মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী রাজু ওরফে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
মিন্টু ওই এলাকার আলী আকবর শাহরাজের ছেলে। তার ভাড়া বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।