সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৩ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাপার কাঁধে ভর করে হাসিনার ফেরার আশঙ্কা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রধান সহযোগী জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ অভিযোগ তোলেন। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য দেন।

রাশেদ খান বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, বিভিন্ন সূত্রে জেনেছি জাপার কাঁধে ভর করে পতিত সরকারপ্রধান শেখ হাসিনা ফিরে আসতে পারেন। জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে।”

তিনি আরও জানান, আওয়ামী লীগের মতো একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং ১৪ দলকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। “আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না,”—বলেন তিনি।

দেশের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান অভিযোগ করেন, মাঠ পর্যায়ে তারা দেখেছেন প্রশাসন ও বাহিনীর অনেক দায়িত্বশীল ব্যক্তি প্রধান উপদেষ্টার সরকারকে সহযোগিতা করছেন না। “সে কারণে আমাদের মনে হচ্ছে দেশে দুটি সরকার চলছে। একটি আপনারা (ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার), আরেকটি অদৃশ্য সরকার,”—এ মন্তব্য করেন তিনি।

এদিনের বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা অংশ নেন।

গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেও সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।