বৃহস্পতিবার
০৪ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি: চট্টগ্রামের মীরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মীরসরাই থানার পাশে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মীরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব ইমরান আনোয়ার, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী শেখ শাহরিয়ার এবং মীরসরাই পৌরসভা ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাদের মধ্যে ইমরান আনোয়ার ঘাড়ে আঘাত পান এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, সকালে কলেজ শাখা ছাত্রদল শিবিরের নারী হেনস্তা ও ক্যাম্পাসে প্রভাব বিস্তারের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।
পরে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা শেষে একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ হামলা চালায়। এতে ইমরান আনোয়ার ও নোমানসহ কয়েকজন আহত হন। তার অভিযোগ, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হকের অনুসারীরাই এ ঘটনায় জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে ইনজামামুল হক বলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে। “আমি পৌরসভা ছাত্রদলে আছি, কলেজ কমিটির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য এসব মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুপুরে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।