শুক্রবার
০৫ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামের সবজির বাজারে অস্থিরতা চরমে। গত তিন মাস ধরে লাগামহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে বরবটি, করলা ও কাঁচা মরিচের দাম কেজিপ্রতি শতক অতিক্রম করেছে। অধিকাংশ সবজির দামই ৮০-১০০ টাকার নিচে নেই।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স, পটল, মুলা, চিচিঙ্গা ও কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়। গোল বেগুন ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, বরবটি ও করলা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, আর কাঁচা মরিচ ২০০ টাকা। তবে আলুর দাম তুলনামূলক কম, প্রতি কেজি ২৫ টাকা।
বিক্রেতাদের দাবি, ক্রেতারা আগের মতো কেজি নয়, আধা কেজি করে কিনছেন। এতে বিক্রিও অর্ধেকে নেমে গেছে। একজন চাকরিজীবী ক্রেতা বলেন, “দাম এত বেশি যে বাধ্য হয়ে আধা কেজি করেই কিনতে হচ্ছে।”
বিক্রেতাদের মতে, বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।
মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভুগছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতারা। দীর্ঘদিন এ পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।