রবিবার
০৭ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আটজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এ সময় গ্রেপ্তার আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামিরা হলেন—ইমরান হোসেন এমরান, মো. হাসান, মো. রাসেল ওরফে কালা রাসেল, মো. আলমগীর, নজরুল ইসলাম, মো. জাহেদ, মো. আরমান ও দিদারুল আলম। তারা হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। গত ২ সেপ্টেম্বর রাতে হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে হোসেন রাব্বি জানান, মামলায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রোববার শুনানির দিন ধার্য থাকায় তাদের আদালতে হাজির করা হয়।
তবে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আগামী ৯ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনে ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীর তর্কের জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়।
রাত থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ পরদিন ৩১ আগস্টও চলতে থাকে। এ ঘটনায় শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপ-উপাচার্যসহ কয়েকশ মানুষ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ সেপ্টেম্বর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।