মঙ্গলবার
০৯ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
শুরু থেকেই বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
ভোটগ্রহণের আগে সকাল সাড়ে ৭টায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয়। গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে বাক্সগুলো ফাঁকা দেখানো হয় এবং পরবর্তীতে সেগুলো সিলগালা করা হয়।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা দুটি বাক্স সিলগালা করেন।
তিনি বলেন, “আপনারা দেখেছেন, সম্পূর্ণ ফাঁকা বাক্স সবার সামনে সিলগালা করা হলো। এর মধ্যে বড় বাক্সটি কেন্দ্রীয় সংসদের এবং ছোট বাক্সটি হল সংসদের জন্য নির্ধারিত। ভোট শেষে গণনার সময়ও সবার উপস্থিতিতে বাক্স খোলা হবে।”
সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।