বৃহস্পতিবার
১১ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৩ জন প্রার্থী। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন তারা।
বুধবার (১১ সেপ্টেম্বর) জয়পুরহাট পুলিশ লাইন্সে এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। একইসঙ্গে আরও ৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
জানা গেছে, গত ১৩-১৫ আগস্ট জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১,২৯৪ জন প্রার্থী প্রাথমিক যাচাই-বাছাইয়ে অংশ নেন। এর মধ্যে ২৯ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭৮ জন। লিখিত পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে বুধবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার পর ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের অধিকাংশই গরিব ও হতদরিদ্র পরিবারের সন্তান। সাধারণ মানুষের মাঝে একটি ধারণা রয়েছে, পুলিশে চাকরি মানেই ঘুষ বা তদবির লাগে। আমরা সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিতে চাই।