বৃহস্পতিবার
১১ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অন্যান্যবারের চেয়ে অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে, বহুবার উত্তরও দেওয়া হয়েছে। এখন সবার কামনা থাকা উচিত জাহাঙ্গীরনগরের নির্বাচনও যেন সুন্দরভাবে সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, “গত পরশু ডাকসু নির্বাচন দেখলেন। অন্যবারের চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আইন-শৃঙ্খলাও এখন ভালোভাবে চলছে। আগে হয়তো কিছুটা সমস্যা ছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশসহ প্রায় ৮০ হাজার ফোর্স দায়িত্ব পালন করবে।
পাসপোর্ট অফিস পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, “আগে পাসপোর্ট করতে অনেক সময় লাগত, এখন তা কমিয়ে আনা হয়েছে। আরও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে নাগরিক সেবাকেন্দ্র চালু হয়েছে, এখান থেকে মানুষ সহজে পাসপোর্ট পাবেন। এমনকি পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াও তুলে দেওয়া হয়েছে।”
জনবল বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পাসপোর্ট অফিসেও যাতে জনবল ঘাটতি না থাকে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”